সুরক্ষিত শৈশব

একটি সুস্থ শিশু কেবল একটি পরিবারের আশার প্রতীক নয়, বরং একটি জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি। শিশুর সুষ্ঠু বিকাশের জন্য যেমন পুষ্টিকর খাদ্য অপরিহার্য, তেমনি সংক্রামক রোগ বিশেষ করে হাম সম্পর্কে সঠিক জ্ঞান, সময়োপযোগী সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বাংলাদেশে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা শিশুস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। এই বাস্তবতাকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (গাজীপুর জেলা) ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত তিনদিনব্যাপী “সুরক্ষিত শৈশব” শীর্ষক হাম সচেতনতামূলক ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করে। এই কার্যক্রমটি আয়োজন করা হয় কালীগঞ্জ উপজেলার সানরাইজ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল এবং শ্রীপুর উপজেলার গাজীপুর শাহীন ক্যাডেট স্কুল, বাঘের বাজার শাখায়।

এই ক্যাম্পেইনে প্রায় ৫০০ এর অধিক শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় ৩০০ এর বেশি অভিভাবক সরাসরি যুক্ত হয়ে হাম রোগের লক্ষণ, সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিতভাবে সচেতনতা অর্জন করেন। মোট ১০ জন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেন।
ক্যাম্পেইনের সময় অংশগ্রহণকারীদের হাম রোগের ঝুঁকি, টিকাদানের গুরুত্ব, এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সহজ, বাস্তবভিত্তিক   ধারণা প্রদান করা হয়। ফলে অংশগ্রহণকারীরা কেবল তথ্যই নয়, বরং একটি কার্যকর জীবনঘনিষ্ঠ সচেতনতা অর্জন করেন, যা তাদের পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 3: Good Health and Well-Being এর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, যার মূল লক্ষ্য হলো সবার জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর তরুণ স্বেচ্ছাসেবীরা একটি সচেতন, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। “সুরক্ষিত শৈশব” ক্যাম্পেইন সেই চলমান প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved