বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব বিবেচনায় শেরপুর জেলায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ঝিনাইগাতী উপজেলার উদ্যোগে আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ কলেজে শিক্ষার্থীদের নিয়ে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সাইবার নিরাপত্তা, অনলাইন ঝুঁকি এবং নিরাপদভাবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে কলেজের সম্মানিত অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমকে উৎসাহিত করেন।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের উৎসাহ ও স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। এর মাধ্যমে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান যাচাইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতা আরও বাড়াতে উৎসাহিত করা হয়।
আয়োজকদের মতে, নিরাপদ ও সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে যুবসমাজকে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ঝিনাইগাতী উপজেলা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।