প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহারই পারে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ নিশ্চিত করতে। ডিজিটাল প্রযুক্তির সুযোগগুলো কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাও এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এই লক্ষ্যকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ভিবিডি গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলা-এর উদ্যোগে ১০০ জন স্কুল শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে “সাবধানে অনলাইনে” শীর্ষক একটি সাইবার নিরাপত্তা সচেতনতামূলক সেশন। সেশনে শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন নিরাপত্তা, দায়িত্বশীল ডিজিটাল আচরণ এবং নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা করা হয়। পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার করে কীভাবে জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়ন করা যায়, সে বিষয়েও শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
নিরাপদ অনলাইন ব্যবহারে সচেতনতা সেশনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা, সাইবার হয়রানি এবং বিভিন্ন অনলাইন ঝুঁকি থেকে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইন্টারনেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অনলাইনে কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম বা হয়রানির শিকার হলে কীভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, সে বিষয়েও ধারণা দেওয়া হয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
১০০ জন শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে পড়ুক নিরাপদ অনলাইনের বার্তা
নিরাপদ থাকুক সবার ডিজিটাল অভিজ্ঞতা।