নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানে ভিবিডি-এর অংশগ্রহণ

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবী সহযোগী হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নেত্রকোণা জেলা। গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় জেলা শহরের আন্তঃজেলা বাসস্ট্যান্ড, ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যৌথ নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ও ভিবিডি নেত্রকোণা জেলার স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ, নেত্রকোণা জেলা মনে করে, ছোট ছোট ইতিবাচক উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টাই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved