আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্যকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), নেত্রকোণা সদর উপজেলা আয়োজন করেছে ব্যতিক্রমী উদ্যোগ ‘Silent Heroes’। সমাজের যেসব নীরব পরিশ্রমী মানুষ প্রতিদিন নিজেদের শ্রম, ঘাম ও নিষ্ঠার মাধ্যমে আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তুলছেন, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের হাতে ফুল ও শুভেচ্ছা কার্ড তুলে দিয়ে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ছোট্ট এই উদ্যোগের মাধ্যমে নেপথ্যে থাকা পরিশ্রমী মানুষগুলো নতুন করে অনুভব করেন সম্মান ও স্বীকৃতির উষ্ণতা। তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা উদ্যোগটিকে করে তোলে আরও অর্থবহ।
আয়োজকরা মনে করেন, সমাজে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা এবং শ্রমজীবী মানুষের অবদানকে যথাযথ সম্মান দেওয়া সবার দায়িত্ব। কারণ প্রতিদিনের জীবনযাত্রাকে সচল রাখতে নীরবে কাজ করে যাওয়া এসব মানুষই আমাদের সত্যিকারের ‘Silent Heroes’। শ্রমের মর্যাদা হোক সবার আগে এই বার্তাই তুলে ধরা হয় উদ্যোগটির মাধ্যমে।