তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখার প্রত্যয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), তারাগঞ্জ উপজেলা, রংপুর-এর উদ্যোগে ইকরচালী দিঘীর পাড় মাঠে ১২ বছরের নিচের শিশুদের নিয়ে আয়োজন করা হয় এক জমজমাট ফুটবল ম্যাচ। দর্শকদের উপচে পড়া ভিড়ে মুখরিত হাইভোল্টেজ এই ম্যাচে আর্জেন্টিনাকে ৩–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্ষুদে ব্রাজিল দল। ম্যাচের চূড়ান্ত ফলাফল ছিল আর্জেন্টিনা ০–৩ ব্রাজিল।
ম্যাচটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করেন রেফারি মনিরুজ্জামান মনির হোসেন এবং ধারাভাষ্যকার দুলু মিয়া-এর প্রাণবন্ত ধারাভাষ্য ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংক, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আরিফুল ইসলাম আরিফ। আয়োজনের সময় খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে তরুণ সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় এবং ভিবিডির লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দল পায় বড় ট্রফি, মেডেল ও ১,০০০ টাকা নগদ পুরস্কার, আর রানার্স-আপ দল পায় ছোট ট্রফি, মেডেল ও ৫০০ টাকা নগদ পুরস্কার। ভিবিডি তারাগঞ্জ উপজেলা বোর্ডের সকল সদস্যের পরিকল্পনা, সমন্বয় ও আন্তরিক প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। এই আয়োজনকে প্রাণবন্ত ও সফল করে তুলতে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবক, অতিথি, খেলোয়াড়, দর্শক এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।