মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), খুলনা সদর উপজেলা সফলভাবে আয়োজন করেছে ‘হলদে ফেরিওয়ালা পর্ব–১২’। খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ১৫ জন স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের সহযোগিতায় ৩৫ জন শিশুকে মুখচিত্র অঙ্কনের মাধ্যমে সাজিয়ে তোলা হয়। শিশুদের মুখে ফুটে ওঠে বাংলাদেশের জাতীয় পতাকা, শহীদ মিনার ও বাংলা বর্ণমালার বিভিন্ন প্রতীক, যা আমাদের ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের প্রতি ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে ওঠে।
‘হলদে ফেরিওয়ালা পর্ব–১২’ শুধু একটি সৃজনশীল আয়োজন নয়, বরং মহান একুশের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি ছোট্ট প্রয়াস। ভাষা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মহান একুশের চেতনায়, ভাষার জন্য ভালোবাসা, দেশের জন্য অঙ্গীকার।