শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সুনামগঞ্জ জেলা-এর উদ্যোগে ধর্মপাশা উপজেলায় একটি হাত ধোয়া বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রমে ১০ জনেরও বেশি শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় শিশুদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হয় এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে খাবার খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পরে এবং প্রয়োজনীয় সময়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস সম্পর্কে তাদের সচেতন করা হয়।
এই উদ্যোগ বাস্তবায়নে ভিবিডির ৫ জন স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে কাজ করেন। তাঁদের আন্তরিক প্রচেষ্টায় শিশুদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিচ্ছন্ন জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বিশ্বাস করে, ছোটবেলা থেকেই সঠিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা শিশুদের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি একটি স্বাস্থ্যকর সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার মতো ছোট একটি অভ্যাসই বিভিন্ন জীবাণুর বিস্তার রোধে সহায়তা করতে পারে।
সচেতনতার শুরু হোক নিজের কাছ থেকে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলি, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে একসঙ্গে কাজ করি।