শিশুদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সুনামগঞ্জ জেলা, ধর্মপাশা উপজেলা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ‘গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ’ বিষয়ক একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করে। এই উদ্যোগে ভিবিডির ৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন এবং ৫০ জন শিক্ষার্থী প্রত্যক্ষভাবে উপকৃত হয়।
সেশনে শিশুদের বয়স উপযোগী ভাষায় নিরাপদ ও অনিরাপদ স্পর্শের পার্থক্য, ব্যক্তিগত সীমানার গুরুত্ব এবং নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণমূলক আলোচনা ও উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হয়, কোনো আচরণে অস্বস্তি বোধ করলে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হলে কীভাবে দ্রুত একজন বিশ্বস্ত অভিভাবক, শিক্ষক বা পরিবারের সদস্যের সঙ্গে বিষয়টি শেয়ার করতে হবে।
সাম্প্রতিক একটি বহুল আলোচিত শিশু নির্যাতনের ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয় এবং সমাজের সম্মিলিত দায়িত্বের বিষয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের মানসিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সচেতন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এই সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে ৫০ জন শিক্ষার্থী নিজেদের নিরাপত্তা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করে এবং প্রয়োজনীয় পরিস্থিতিতে কীভাবে সহায়তা চাইতে হবে, সে বিষয়ে সচেতনতা অর্জন করে। এ ধরনের কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি এবং একটি নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সফল আয়োজন বাস্তবায়নে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমরা বিশ্বাস করি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা, পারিবারিক সহায়তা এবং নিরাপদ পরিবেশের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর, নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ। ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভবিষ্যতেও শিশু সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।