কৃতী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) জয়পুরহাট জেলা-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “এসএসসি সংবর্ধনা ২০২৬”। গত ২৭ আগস্ট ২০২৬ জয়পুরহাট সদর উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৪০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন, নেতৃত্ব বিকাশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের জন্য আয়োজনটি হয়ে ওঠে অনুপ্রেরণা, স্বীকৃতি ও ভবিষ্যৎ স্বপ্নকে আরও দৃঢ় করার একটি বিশেষ মুহূর্ত। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ভিবিডি ক্ষেতলাল উপজেলা কমিটি মেম্বারদের অংশগ্রহণে গান ও নৃত্য পরিবেশন করা হয়। পাশাপাশি, গত দুই মাসের কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন উপজেলা বোর্ডের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ উপজেলা বোর্ডসমূহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ভিবিডি জয়পুরহাট জেলা বোর্ড মেম্বার এবং বিভিন্ন উপজেলার ভলান্টিয়ারদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজনটি কেবল কৃতী শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং তরুণদের নেতৃত্বে উৎসাহিত করা, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটির সঙ্গে ভিবিডি জয়পুরহাটের সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরুণদের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে তাদের নেতৃত্বের পথে এগিয়ে নিতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কাজ করে যাচ্ছে তারুণ্যের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের প্রত্যয়ে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ তারুণ্যের নেতৃত্বে পরিবর্তনের পথে।