ডেঙ্গুকে না বলুন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি ) পিরোজপুর সদর উপজেলার উদ্যোগে পিরোজপুর জেলায় দুইটি বিদ্যালয়ে ‘ডেঙ্গুকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।গত ২ ও ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই ক্যাম্পেইনে দুইটি বিদ্যালয়ের  ২০০ -এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গুর কারণ, বিস্তার, সাধারণ লক্ষণ এবং প্রতিরোধের বিভিন্ন কার্যকর উপায় সম্পর্কে বিস্তারিত সচেতনতা তৈরি করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব আয়োজন করা হয়। এর মাধ্যমে তারা ডেঙ্গু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নিজেদের প্রশ্ন ও মতামত তুলে ধরার সুযোগ পায় এবং সক্রিয়ভাবে কার্যক্রমে অংশগ্রহণ করে।এছাড়াও, বিদ্যালয় ও আশপাশের এলাকায় জমে থাকা পানি এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে সময়মতো প্রয়োজনীয় সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের শুধু নিজেদের সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে পরিবার, বন্ধু এবং আশপাশের মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিতে উৎসাহিত করা হয়। তরুণদের নেতৃত্বে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ভলান্টিয়ার ফর বাংলাদেশ বিশ্বাস করে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর মতো প্রতিরোধযোগ্য রোগের বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

© 2026 – Volunteer for Bangladesh | All Rights Reserved