দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন পূরণে সহায়তা করার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), চাঁপাইনবাবগঞ্জ জেলা-এর উদ্যোগে এবং ভিবিডি শিবগঞ্জ উপজেলা বোর্ডের সহযোগিতায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ শিবগঞ্জ উপজেলার চর পাকা ইউনিয়নের লিসিপাড়া গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় কয়েকটি পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। দুর্গম চরাঞ্চলে বসবাসকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সহায়তা পৌঁছে দিতে ভিবিডি-এর স্বেচ্ছাসেবকরা সরাসরি দুর্গত এলাকায় উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। ভিবিডি চাঁপাইনবাবগঞ্জ জেলা বোর্ড ও শিবগঞ্জ উপজেলা বোর্ডের সমন্বয়ে পরিচালিত এ মানবিক কার্যক্রমের মূল লক্ষ্য ছিল বন্যাকবলিত পরিবারগুলোর জরুরি প্রয়োজনের সময়ে সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান এবং দুর্যোগের কঠিন সময়ে তাদের পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া।
বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন ও জীবিকায় নানা ধরনের সংকট তৈরি করে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করাও গুরুত্বপূর্ণ। এই কার্যক্রমের মাধ্যমে ভিবিডি -এর স্বেচ্ছাসেবকরা মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরেছেন।