আবহমানকাল ধরে চিঠি বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সময়ের বিবর্তনে প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থার প্রসারে চিঠির ব্যবহার কমে গেলেও, হাতে লেখা চিঠির আবেগ, আন্তরিকতা ও আবেদন আজও মানুষের হৃদয়ে অমলিন। হাতে লেখা চিঠির সেই স্বর্ণালি স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনা এবং চিঠির সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) পাবনা সদর উপজেলা-এর উদ্যোগে উদযাপিত হয়েছে বিশ্ব চিঠি দিবস।
১ সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস উপলক্ষে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে হাতে লেখা চিঠি বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে চিঠির আবেগ, আন্তরিকতা ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরা হয়। দ্রুতগতির ডিজিটাল যোগাযোগের এই সময়ে হাতে লেখা একটি চিঠি যে কতটা ব্যক্তিগত, আবেগপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠতে পারে, সেই অনুভূতিই ছিল এ উদ্যোগের মূল বার্তা। চিঠির প্রতিটি পাতায় ভালোবাসা, কৃতজ্ঞতা ও আন্তরিকতার গল্প লিখে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীর করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হারিয়ে যেতে বসা হাতে লেখা চিঠির সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
চিঠির পাতায় ফিরুক কৃতজ্ঞতা, ফিরুক ঐতিহ্য। ভলান্টিয়ার ফর বাংলাদেশ তারুণ্যের নেতৃত্বে পরিবর্তনের পথে।