কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন, তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনা প্রদান এবং নেতৃত্বের সম্ভাবনা বিকাশের লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া জেলা-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ২০২৬”। গত ২৯ আগস্ট ২০২৬ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি-তে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৬০০ জন কৃতী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজনটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভিবিডি-এর ৫০ জন স্বেচ্ছাসেবক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সম্ভাবনা, ক্যারিয়ার পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে বিভিন্ন অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য ধরে রাখার পাশাপাশি নিজেদের দক্ষতা, মূল্যবোধ ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে উৎসাহিত করা হয়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। তাদের অর্জনের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে।
ভিবিডি বগুড়া জেলার এই উদ্যোগ শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বিকশিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এমন উদ্যোগ দীর্ঘমেয়াদে ইতিবাচক ভূমিকা রাখবে। আজকের এই স্বীকৃতি শুধু অর্জনের উদযাপন নয় বরং আগামী দিনের স্বপ্নবান, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির পথে একটি শক্তিশালী বিনিয়োগ। ভলান্টিয়ার ফর বাংলাদেশ তারুণ্যের নেতৃত্বে পরিবর্তনের পথে।